সাংহাইয়ে বাংলাদেশের সিনেমার জয়

‘সাঁকোটা দুলছে’ পেল সেরা চিত্রগ্রহণ পুরস্কার, আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি
টুইট প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক অর্জন। ইশতিয়াক আহমাদ জিহাদের পরিচালিত সিনেমা ‘সাঁকোটা দুলছে’ ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চিত্রগ্রহণ পুরস্কার জিতেছে।
সিনেমাটির প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। সম্পূর্ণ সাদাকালো আবহে নির্মিত এই চলচ্চিত্রে সমাজের গভীরে থাকা কুসংস্কার, পিতৃতান্ত্রিক কাঠামো ও নিপীড়নের বিরুদ্ধে মুক্তির স্বপ্ন দেখা তিন কিশোরীর গল্প তুলে ধরা হয়েছে।
পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ সিনেমাটিতে মানবিক সংকট ও সামাজিক বাস্তবতাকে ভিন্ন নান্দনিকতায় উপস্থাপন করেছেন। চিত্রগ্রহণের অনন্য ভাষা ও দৃশ্য নির্মাণের দক্ষতার জন্য আন্তর্জাতিক বিচারকদের কাছ থেকে প্রশংসা পায় চলচ্চিত্রটি।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। সেখানে বাংলাদেশের একটি চলচ্চিত্রের এমন স্বীকৃতি দেশের নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
‘সাঁকোটা দুলছে’ পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের আন্তর্জাতিক সম্ভাবনা আরও একবার সামনে এলো। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দেশের নতুন প্রজন্মের নির্মাতাদের বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে এগিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত করবে।






