শিল্পকলায় সুরের মুখর উৎসব দিনব্যাপী

বিশ্ব সংগীত দিবসে তারকাদের পরিবেশনায় মুখর বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

টুইট প্রতিবেদক: ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। আষাঢ়ের টানা বৃষ্টিকেও উপেক্ষা করে ঢাক-ঢোলের বাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রোববার (২১ জুন) উৎসবের উদ্বোধন করা হয়। দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যায় তারকাদের পরিবেশনায় উৎসব পরিণত হয় সুরের মিলনমেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পার্থ মজুমদারের পরিচালনায় যন্ত্রসংগীত পরিবেশন করা হয়। শিল্পীরা পরিবেশন করেন ‘তুমি নির্মল করো’, ‘মিলন হবে কত দিনে’ এবং ‘লাম্বাডা’।

পরে এক মঞ্চে আগুন, ফাহমিদা নবী, মেহরীন ও আলিফ আলাউদ্দিনসহ খ্যাতিমান শিল্পীরা সম্মিলিতভাবে গেয়ে শোনান ‘ধনধান্য পুষ্প ভরা’ এবং বিশ্বখ্যাত গান ‘উই আর দ্য ওয়ার্ল্ড’-এর বাংলা উচ্চারণভিত্তিক পরিবেশনা।

প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল একক সংগীত পরিবেশনা। এতে অংশ নেন পিয়াল হাসান, ফাহমিদা নবী, আগুন, অনিমা রায়, মনির খান, শফি মণ্ডল ও ইয়াসমিন মুস্তারিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। পাশাপাশি চীন ও জাপানের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং ইথুন বাবু, অনিমেষ ও অংকনের ব্যান্ড সংগীত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকদের মতে, বিশ্ব সংগীত দিবসের এই উৎসবের লক্ষ্য কেবল বিনোদন নয়, বরং সংগীতের মাধ্যমে সংস্কৃতির বহুমাত্রিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। দেশীয় ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে বৈশ্বিক মাত্রা।

দুই দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানেও স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আয়োজকদের প্রত্যাশা, দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও সংগীতপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।