দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মেইন লাইনে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল, পুকুরে পানি সেচের সময় দুর্ঘটনা।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে পুকুরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি চুক্তিভিত্তিকভাবে শরীফ ডাক্তার নামে এক পল্লি চিকিৎসকের পুকুরের দেখভালের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আঙরার বিল এলাকায় একটি পুকুরে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকলেও সেখান থেকে বিভিন্ন পুকুরে অবৈধভাবে লাইন টেনে জলমোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে জলমোটর চালিয়ে পানি সেচ দিচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, নিহতের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






