নাটোরে অজ্ঞাত ভারসাম্যহীন নারীর মৃত্যু: শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ

প্রায় এক বছর ধরে বাজারে অবস্থান, পরিচয় শনাক্তে ব্যর্থ পুলিশ; স্বজনের খোঁজে জনসাধারণের সহযোগিতা কামনা।
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবস্থান করা এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকার ওয়ালিয়া বাজারে তিনি অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই নারী বাজার এলাকায় ভবঘুরে অবস্থায় বসবাস করছিলেন। তার পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ঘটনার পর নাটোর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত নারীর পরিচয় উদঘাটনে সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “কোনো সহৃদয় ব্যক্তি যদি ওই নারীর পরিবারের সন্ধান দিতে পারেন, তাহলে লালপুর থানার সরকারি মোবাইল নম্বর ০১৩২০১২৪৬৭৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”






