৫০০ কোটির দর্শক, তবু ‘তেরে বিন ২’ নিয়ে ক্ষোভ

রেকর্ড গড়েও অনিশ্চয়তায় জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় অধৈর্য ভক্তরা।
বিনোদন ডেস্ক | TweetNews24.com
পাকিস্তানি টেলিভিশন নাটকের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে জনপ্রিয় ধারাবাহিক ‘তেরে বিন’। প্রথম পাকিস্তানি নাটক হিসেবে এটি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ৫০০ কোটি দর্শনসংখ্যার মাইলফলক অতিক্রম করেছে। তবে এই ঐতিহাসিক সাফল্যের মধ্যেও নাটকটির অনুরাগীদের বড় একটি অংশ এখন হতাশা ও ক্ষোভে ফুঁসছে। কারণ, বহুল প্রতীক্ষিত ‘তেরে বিন ২’ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।
২০২২ সালের ২৮ ডিসেম্বর সম্প্রচার শুরু হওয়া এবং ২০২৩ সালের ৬ জুলাই শেষ হওয়া প্রথম মৌসুমে মীরব ও মুরতাসিম চরিত্রের প্রেম, টানাপোড়েন ও আবেগঘন সম্পর্ক দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও নাটকটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে।
প্রথম মৌসুমের সাফল্যের পরই প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি দ্বিতীয় মৌসুম নির্মাণের ঘোষণা দেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধান দুই তারকা ওহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘তেরে বিন ২’ নির্মাণের বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শুটিং কিংবা প্রচারের সম্ভাব্য সময়সূচি নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা। অনেকেই প্রশ্ন তুলছেন, রেকর্ড গড়া একটি নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে কেন এত দীর্ঘ নীরবতা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, “৫০০ কোটি দর্শনসংখ্যা অর্জনের পরও যদি শুটিং শুরু না হয়, তাহলে দর্শকদের প্রত্যাশার মূল্য কোথায়?” অন্য একজন লিখেছেন, “মনে হচ্ছে দ্বিতীয় মৌসুম দেখতে আরও বহু বছর অপেক্ষা করতে হবে।”
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের শুরুতে ‘তেরে বিন ২’–এর চিত্রধারণ শুরু হতে পারে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এ তথ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার নাট্যবাজারে ‘তেরে বিন’ যে জনপ্রিয়তার নজির স্থাপন করেছে, তা পাকিস্তানি বিনোদন শিল্পের জন্য একটি বড় অর্জন। তবে দর্শকদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে সেই উচ্ছ্বাস ধীরে ধীরে হতাশায় রূপ নিতে পারে।
রেকর্ড ভাঙা সাফল্যের মধ্যেও তাই ‘তেরে বিন’ ভক্তদের প্রধান প্রশ্ন একটাই,কবে শুরু হবে ‘তেরে বিন ২’–এর যাত্রা? এখন সেই উত্তরই খুঁজছে কোটি কোটি দর্শক।






