সাবেক মন্ত্রী হারুণ অর রশীদের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ রাজনীতিকের বিদায়ে শোকের ছায়া।

টুইট প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ আর নেই। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

হারুণ অর রশীদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি নৌপরিবহন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।