বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা: সম্প্রীতি ও নিরাপত্তায় জোর

সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতির আশ্বাস
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়। রোববার (১৪ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন সর্বদা প্রস্তুত। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও সহায়তা প্রদানের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিবিড় সহযোগিতায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (পৌরসভার প্রশাসক) এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







