নারায়ণগঞ্জে বকেয়া বেতনকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায়

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ১২ কিলোমিটার যানজট, আশ্বাসে স্বাভাবিক হয় চলাচল।
টুইট প্রতিবেদক: বকেয়া বেতন ও বিভিন্ন শ্রমিক সুবিধা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় আড়াই ঘণ্টার এ কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
রোববার সন্ধ্যায় বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় ফেইম অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়কে নেমে আসেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করায় তারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছেন। সময়মতো বেতন না পাওয়ায় বাসা ভাড়া, দোকানের বাকি এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে,প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, বছরের শুরুতে ছুটির ক্যালেন্ডার ঘোষণা, অতিরিক্ত কাজের পারিশ্রমিক বৃদ্ধি, রাতের শিফট ভাতা ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে নয় দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য বিশেষ ভাতা, এককালীন চাকরি-সুবিধা ভাতা প্রদান, সাপ্তাহিক বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের দাবিগুলো মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, চলতি মাসের বেতন দুই দিনের মধ্যে পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে।
পাশাপাশি অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এরপর রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষের এ ঘটনা আবারও তৈরি পোশাক খাতে সময়মতো মজুরি পরিশোধ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






