অসহায় মানুষের পাশে বিজিবি: বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭০০ চরবাসী

দুর্গম চরে বিজিবির চিকিৎসা শিবির । গোদাগাড়ীর আষাড়িয়াদহে ৭০০ মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চরাঞ্চল আষাড়িয়াদহ ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী ও স্বাস্থ্যসেবাবঞ্চিত এই জনপদের প্রায় ৭০০ মানুষ বিজিবির আয়োজিত বিশেষ চিকিৎসা শিবির থেকে সেবা গ্রহণ করেছেন।
রোববার (১৪ জুন) সকাল ৯টা থেকে দিনব্যাপী রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের স্বাস্থ্যগত সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীবেষ্টিত আষাড়িয়াদহ চরাঞ্চল দীর্ঘদিন ধরেই উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যাতায়াতের দুর্বল ব্যবস্থা এবং চিকিৎসা অবকাঠামোর অভাবে সামান্য অসুস্থতাতেও স্থানীয় বাসিন্দাদের অনেক দূরে যেতে হয়। ফলে বিজিবির এ ধরনের উদ্যোগ চরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত কঠিন। চিকিৎসক সংকট, ওষুধের অভাব এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে নিয়মিত চিকিৎসা গ্রহণ অনেকের পক্ষেই সম্ভব হয় না। বিজিবির এই উদ্যোগ তাদের ভোগান্তি অনেকাংশে কমিয়েছে।
একাধিক রোগী বলেন, শুধু একদিনের নয়, নিয়মিত বিরতিতে এ ধরনের চিকিৎসা শিবির আয়োজন করা হলে চরাঞ্চলের হাজারো মানুষ উপকৃত হবেন। তারা প্রতি মাসে অন্তত একবার বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, আষাড়িয়াদহ ইউনিয়ন উপজেলা সদর ও জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য নদী পেরিয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
তারা আরও বলেন, চরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; এটি সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর আস্থা ও সম্পর্ককে আরও সুদৃঢ় করছে। জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
সংশ্লিষ্টরা মনে করেন, দুর্গম ও অবহেলিত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







