২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে

সবুজ বাংলাদেশ গঠনে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান
টুইট ডেস্ক: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত এ কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি গাছ পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে অতিথিরা বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতীয় এ বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।






