দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে একযোগে গাছ লাগানো শুরু।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

দুর্গাপুর উপজেলা প্রশাসন, বন বিভাগ, পৌরসভা এবং উপজেলার সাতটি ইউনিয়নের যৌথ উদ্যোগে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এবং উপজেলা বন কর্মকর্তা লুৎফর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের অংশগ্রহণে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।