বৃষ্টিভেজা কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর

উন্নয়ন, বৃক্ষরোপণ কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচিতে দিনব্যাপী ব্যস্ততা

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিস্নাত পরিবেশের মধ্যেই শনিবার সকালে তাঁর সফর শুরু হয়।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সপরিবারে আগমনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্লোগান ও অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের দেওয়া তথ্য অনুযায়ী, সফরের শুরুতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন হওয়া ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এরপর দুপুরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পার্ক পরিদর্শনের কথা রয়েছে। একই দিনে পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার পর কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের সূচি নির্ধারিত আছে। রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই কক্সবাজারে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পায়। বিমানবন্দর ও আশপাশ এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘ বিরতির পর তাঁর এই সফরকে স্থানীয়ভাবে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।