৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা কেজি দরে চাল

খাদ্য নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ, এক কোটি ১৫ লাখ পরিবারের জন্য খোলা বাজারে কম দামে চাল বিক্রির প্রস্তাব

টুইট ডেস্ক: নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। বছরে ছয় মাস এই সুবিধা দেওয়া হবে।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কার্যক্রমের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এক কোটি ১৫ লাখ পরিবারের জন্য ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রির পরিকল্পনাও রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের পঞ্চম দিনে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথা জানানো হয়েছে। খাদ্য মজুত ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যপণ্য রাখতে ৬০টি খাদ্যপণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচিতে ৬৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পার্বত্য জেলাগুলোতে পুনর্বাসন কর্মসূচির আওতায় দরিদ্র ও অতিদরিদ্র ৬০ হাজার পরিবার এবং ৮৫টি প্রতিষ্ঠানকে খাদ্য ও নগদ সহায়তা দিতে ৪৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।