তারাগঞ্জে নিজ উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি ফিরল জনগণের

ছবি: নিজস্ব প্রতিনিধি

খানাখন্দে ভরা বাইপাসে ইট-বালু ফেলে চলাচল সচল করলেন সমাজসেবক হাজ্জাজ ইসলাম লাল  মিয়া।

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে একটি বেহাল সড়ক সংস্কার করেছেন সমাজসেবক হাজ্জাজ ইসলাম লালমিয়া।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার অনজিরুননেছা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনের বাইপাস সড়কটি তিনি নিজস্ব অর্থায়নে সংস্কার করেন। দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্তে ভরা সড়কটি যান চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে সৃষ্টি হতো চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো পথচারী ও যানবাহন চালকদের। এ অবস্থায় হাজ্জাজ ইসলাম লালমিয়া নিজে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে কাজ করে ইটের খোয়া ও বালু (রাবিশ) ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।

এতে স্থানীয় বাসিন্দা ও বাজারমুখী মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিয়মিত পথচারী জুলফিকার আলম বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার কারণে চলাচল ছিল খুবই কষ্টকর। সাধারণ মানুষের কথা ভেবে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

জানা গেছে, হাজ্জাজ ইসলাম লালমিয়ার পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তার পিতা আব্দুর রশিদ কুর্শা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। বাবার পথ অনুসরণ করে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।

হাজ্জাজ ইসলাম লালমিয়া বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে থাকা যায়—এই বিশ্বাস থেকেই উদ্যোগটি নিয়েছি। ভবিষ্যতেও কুর্শা ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।”