রাজশাহী সিটির প্রশাসকের বিদেশ সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

ফ্রান্স সফর অনুমোদন না, প্রকৌশলীকে পাঠানোর নির্দেশ: প্রযুক্তিগত সফরে প্রশাসক নন প্রয়োজনীয় ব্যক্তি—প্রধানমন্ত্রী। বিদেশ সফরে পেশাগত প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার, ব্যয়বহুল অপ্রয়োজনীয় সফর এড়ানোর নির্দেশনা।
বিশেষ প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো প্রয়োজন নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে পাঠানো যেতে পারে, প্রশাসককে নয়।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল।
তবে ওই প্রস্তাবে অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের প্রযুক্তিগত সফরে প্রকৌশলী অংশ নিলে সেটি কার্যকর হবে, প্রশাসকের অংশগ্রহণ প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর অনুশাসনে বলা হয়, সংশ্লিষ্ট প্রকৌশলী যদি জ্ঞান অর্জন করেন তবে তা সরাসরি সিটি করপোরেশনের কাজে লাগবে। প্রশাসক প্রকৌশলী না হওয়ায় তাঁর অংশগ্রহণের কোনো কার্যকর ভূমিকা নেই। ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রে মশক নিধন বিষয়ক সফরের প্রস্তাবও অনুমোদন না দেওয়ার ঘটনা ঘটে। সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, দেশে থেকেই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে মশক নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব।
এছাড়া সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাবও নাকচ করা হয়। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেও তা অনুমোদন না দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের পরামর্শ দেওয়া হয়।
সরকারি সূত্রগুলোর মতে, এসব সিদ্ধান্তে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে—বিদেশ সফরে পেশাগত প্রয়োজনীয়তা ও বাস্তব উপযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয় ও আনুষ্ঠানিক সফর নিরুৎসাহিত করা হচ্ছে।







