আবারও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

টানা দুই দফা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা
টুইট ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টার পর টানা দুই দফায় এ হামলা চালানো হয়। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম দফায় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এরপর প্রায় ২০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বীরশেবা।
ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানা যায়নি।
এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতেই ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও লেবাননকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বড় ধরনের সংঘাতে রূপ নিলে এর প্রভাব বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






