ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

উপকূলীয় মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
টুইট ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলেও ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়া সরকার পৃথকভাবে সুনামি সতর্কতা জারি করে। সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপকূলীয় জনগণকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেন, “কোনো ধরনের বিলম্ব না করে সবাই দ্রুত উঁচু স্থানে সরে যান।” তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে সাগরের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুনামির ঝুঁকি থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।






