তানোরে অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তানোরে কলেজ অধ্যক্ষ নজরুলের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ। মামলা দায়ের, প্রশাসনের কাছে বিভাগীয় ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম খানের বিরুদ্ধে জমি জবরদখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্তসংলগ্ন আলোকছত্র গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, আলোকছত্র মৌজার জে.এল. নং-১২৪, আর.এস. খতিয়ান নং-৩৩ এবং দাগ নং-৩২৭-এর একটি বাড়ি শ্রেণির জমি দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর দিয়ে ভোগদখল করে আসছিলেন বাদীপক্ষ। ওয়ারিশ সূত্রে মৃত জব্বার খাঁনের দুই ছেলে আজিজ খাঁন ও নজরুল ইসলাম খানের মধ্যে সমানভাবে ৩ শতক করে জমির হিস্যা রয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর দুপুরে নজরুল ইসলাম খান বহিরাগত লোকজন নিয়ে ওই জমির পুরো অংশ দখলের চেষ্টা করেন। এ সময় বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় আলোকছত্র গ্রামের আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলাম খানসহ ৮ জনের বিরুদ্ধে রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোদাগাড়ী আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি সি/২০২৫ নং-১০৪৯ (গোদাগাড়ী) হিসেবে নথিভুক্ত হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪২৭, ৪৪৮, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক, আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, জোরপূর্বক জমি দখল, ভাড়াটিয়া লোকজন দিয়ে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, জ্যেষ্ঠতা উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ, কর্মচারী নিয়োগে অনিয়ম এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলেজে নিয়োগের নামে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিষয়েও তদন্ত দাবি করা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম খান বলেন, দলিল অনুযায়ী তিনি জমির বৈধ মালিক। প্রতিপক্ষই তার জমি দখলের চেষ্টা করছে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।






