মেহেরপুর সীমান্তে থাকা ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ পুশইন চেষ্টা, স্বাভাবিক সীমান্ত পরিস্থিতি
টুইট ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে পুশইনের চেষ্টায় আটকে পড়া দুই পরিবারের ছয় সদস্যকে শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাত ৩টার পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে পুশইনের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পাটখেত এলাকায় অবস্থান নেয়।
দুই পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। এর মধ্যে এক নারীকে শনিবার রাতেই বিএসএফ নিজেদের হেফাজতে নেয়। বাকি ছয়জন সীমান্ত এলাকায় অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছিলেন।
এ ঘটনায় সমাধানের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে স্থানীয় গ্রামবাসী বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পাহারা দেন।
অবশেষে রাত ৩টার দিকে বিএসএফ সীমান্ত এলাকায় অবস্থানরত বাকি ছয়জনকে নিজেদের ভেতরে ফিরিয়ে নেয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ৩টার পর বিএসএফ ওই ছয়জনকে তাদের সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই পুশইনের চেষ্টা উত্তেজনা তৈরি করছে। এ ধরনের ঘটনার স্থায়ী সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।






