২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্ব পরিবেশ দিবস ও জলবায়ু বার্তা ঘিরে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা
টুইট ডেস্ক: দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সারাদেশে বাস্তবায়ন পরিকল্পনা, কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৈঠকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ কর্মসূচির মাধ্যমে দেশের বনাঞ্চল সম্প্রসারণের পাশাপাশি জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও শক্তিশালী হবে।






