চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহান

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি, ব্রাহ্মণপাড়াজুড়ে উচ্ছ্বাস।

টুইট ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এ অর্জনের খবরে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

গত ৪ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, ঝরে পড়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার নেতৃত্ব স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ইউএনওর কার্যকর নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনা শিক্ষা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করেছে। তার আন্তরিক প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে।

এদিকে মাহমুদা জাহানের শ্রেষ্ঠত্ব অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অভিনন্দনের জোয়ার দেখা গেছে। শিক্ষক নেতারা এ অর্জনকে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহমুদা জাহান বলেন, এই সম্মান ব্যক্তিগত নয়; এটি উপজেলার শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাব।

স্থানীয় সচেতন মহলের মতে, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার অর্জন নয়; এটি ব্রাহ্মণপাড়ার শিক্ষা খাতের অগ্রগতিরও প্রতিফলন। তাদের বিশ্বাস, এ সম্মান ভবিষ্যতে উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।