আইনি বাধা কাটিয়ে মুক্তি পেলেন আইভী

কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভ।
টুইট প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাসহ পৃথক ১২টি মামলায় আইভীর জামিন বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির পথে থাকা সব আইনি জটিলতা দূর হয়।
জানা গেছে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আরও ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত তার সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর আইভীর মুক্তি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিতে পারে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক কার্যক্রম এখনো চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।
একই সঙ্গে তিনি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।






