ফেনীতে বাসের ধাক্কায় সহকারী প্রকৌশলীর মৃত্যু

দাগনভূঞায় মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
টুইট প্রতিবেদক: ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার নামে এক সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ কাওছার দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ে ফিরছিলেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত প্রকৌশলী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে। কর্মসূত্রে তিনি দাগনভূঞায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছার মৃত্যুবরণ করেন। তার স্ত্রী হাসপাতালে পৌঁছালেও স্বামীকে জীবিত অবস্থায় দেখতে পারেননি।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।






