শহীদ জিয়া ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি: ড. জিয়াউদ্দিন হায়দার

স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

সোমবার (১ জুন) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মুক্তিযুদ্ধের ভয়াল সময়ে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি দেশের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা। ক্ষমতায় থাকার স্বল্প সময়ের মধ্যেই তিনি কৃষি, শিল্প, অবকাঠামো ও অর্থনীতিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।

বিশেষ সহকারী বলেন, “খাল খনন কর্মসূচি, পতিত জমিতে চাষাবাদে উৎসাহ এবং কৃষিকে উৎপাদনমুখী করার উদ্যোগ দেশের খাদ্য উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রেখেছিল।”

তিনি দাবি করেন, তৈরি পোশাকশিল্পের বিকাশ, রফতানি খাত সম্প্রসারণ এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন।

তারেক রহমানের প্রসঙ্গ টেনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নই তার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “দেশে ফিরে প্রধানমন্ত্রী বলেছেন—‘আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান’। এই পরিকল্পনার লক্ষ্য একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”

বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকার এক কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি খাল-নদী পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।