হানিফ পরিবহনের কর্ণধার কফিল উদ্দিন আর নেই

দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস, পরিবহন খাতে শোকের ছায়া।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তজেলা পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের মালিক ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিবহন খাতের দীর্ঘদিনের এই সংগঠক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের সড়ক পরিবহন খাতে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ এক শোকবার্তায় কফিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কফিল উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম পৃথক শোকবার্তা দিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘ সময় ধরে দেশের যাত্রী পরিবহন খাতের উন্নয়ন, আধুনিকায়ন ও সংগঠনগত কার্যক্রমে কফিল উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে হানিফ পরিবহন দেশের অন্যতম পরিচিত ও বিস্তৃত পরিবহন নেটওয়ার্কে পরিণত হয়।
পরিবহন খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, কফিল উদ্দিনের মৃত্যু এই খাতের জন্য একটি বড় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।






