ইশতেহার বাস্তবায়নে একসঙ্গে দুই এমপি

উন্নয়ন, কর্মসংস্থান ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার

টুইট প্রতিবেদক: নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং উত্তর চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।

রোববার সীতাকুণ্ডে অধ্যাপক আসলাম চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই সংসদ সদস্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

বৈঠকে চট্টগ্রামের উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, শিল্পায়নের প্রসার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সীতাকুণ্ড ও মিরসরাই শিল্পাঞ্চলের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুই সংসদ সদস্য মত দেন যে, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তরুণদের দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষার বিস্তার এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

আলোচনায় এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে শিল্প, শিক্ষা ও অবকাঠামো খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

বৈঠক শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতি কামনা করেন দুই সংসদ সদস্য। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তারা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, শিল্পসমৃদ্ধ সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের মধ্যে এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।