জাতিসংঘের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আব্বেইয়ে ড্রোন হামলায় নিহত বীর সেনানীদের মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান

টুইট ডেস্ক: আন্তর্জাতিক শান্তি ও মানবতার সেবায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেবেন জাতিসংঘ মহাসচিব António Guterres।

বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৬ সদস্য।

মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।

তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আফ্রিকার বিরোধপূর্ণ অঞ্চল আব্বেইয়ে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় ড্রোন হামলায় নিহত হন। দায়িত্ব পালনরত অবস্থায় তাদের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শান্তিরক্ষা অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনাম দীর্ঘদিনের। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের পেশাদারিত্ব, মানবিকতা ও সাহসিকতা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত। নতুন এই স্বীকৃতি সেই গৌরবময় অধ্যায়ে আরও একটি অনন্য সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।