চলমান সংস্কার জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা: ফখরুল

দেশ গঠনে ঐক্যের আহ্বান বিএনপি মহাসচিবের

টুইট ডেস্ক: দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের চলমান সংস্কার কার্যক্রম অনেক ক্ষেত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা বহন করছে।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ দেশের মানুষ স্বাধীনভাবে এ দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান আধুনিক, কার্যকর ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থার যে স্বপ্ন দেখেছিলেন, তা এখনো দেশের জন্য প্রাসঙ্গিক। তাঁর গড়ে দেওয়া উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার দর্শন আজও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

চলমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, আধুনিক প্রশাসনিক কাঠামো ও কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা অনেকাংশেই জিয়াউর রহমানের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই দেশ পরিচালনার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে এদিন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।