জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল

শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা, স্লোগান আর মিছিলের মুখর পরিবেশ
টুইট ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (৩০ মে) সকাল থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরাও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন।
শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এছাড়া সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।






