নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে- ড. ইউনূস

প্যারিসের সংলাপে তরুণদের প্রযুক্তিনির্ভর নেতৃত্বের আশাবাদ ব্যক্ত
টুইট ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে। প্রযুক্তিনির্ভর এই তরুণ প্রজন্ম ভবিষ্যতে আরও শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) প্যারিস–এর ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সংলাপে আর্থিক অন্তর্ভুক্তি, লিঙ্গসমতা ও বৈষম্যবিরোধী নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের নারী-পুরুষ সমতা ও বৈষম্যবিরোধী লড়াইবিষয়ক মন্ত্রী অরোরে বের্জে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের আর্থিক ও সামাজিক উন্নয়ন খাতের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।
আলোচনায় অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রী ও তরুণ সমাজ ইতোমধ্যে পরিবর্তনের শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে তরুণীদের নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত তৈরি করছে।
তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম আরও ক্ষমতাবান হয়ে উঠবে। বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ হওয়ায় এ পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফরাসি মন্ত্রী অরোরে বের্জে বলেন, বিশ্বজুড়ে বৈষম্য ও অসমতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে তরুণদের, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।






