ঈদের দ্বিতীয় দিনেও দেশজুড়ে চলছে কোরবানি

কসাই সংকট ও পারিবারিক রীতি মেনে দ্বিতীয় দিনে পশু কোরবানি করছেন অনেকে

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আনন্দ-উৎসবের ধারাবাহিকতায় সারাদেশে দ্বিতীয় দিনেও পশু কোরবানি অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেককে দ্বিতীয় দিনে কোরবানি সম্পন্ন করতে দেখা গেছে।

অনেকে পারিবারিক রীতি অনুসরণ করে এদিন কোরবানি দিচ্ছেন, আবার অনেকে ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত চাপের কারণে পরদিন কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ঈদের মূল আয়োজন কার্যত দুই দিনজুড়ে বিস্তৃত হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ঈদের প্রথম দিনে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে এবং একই সঙ্গে একাধিক স্থানে ব্যস্ততার কারণে সময়মতো কোরবানি সম্পন্ন করা সম্ভব হয় না। তাই অনেকেই পরের দিন অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যে পশু কোরবানি করছেন।

মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার রীতি রয়েছে, যা এবারও অনুসরণ করা হয়েছে।

কসাইদের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঈদের দিন প্রচণ্ড ব্যস্ততার কারণে অনেক কাজ অসম্পূর্ণ থাকে, ফলে পরদিনও তাদের কাজের চাপ অব্যাহত থাকে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন—জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত। তাই নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি আদায় করা বৈধ বলে জানিয়েছেন ধর্মীয় বিশেষজ্ঞরা।