গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খাবার খাওয়ার সময় দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া।

টুইট প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে আঁখিতারা খাতুন (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে লোকনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আঁখিতারা স্থানীয় লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে ভাতের সঙ্গে মাংস খাওয়ার সময় হঠাৎ করে তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুরো গ্রাম ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।