মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোরবানির কাজ শেষে ঘরে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা, তদন্তে পুলিশ।
টুইট প্রতিবেদক: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মালয়েশিয়া প্রবাসী এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের দাসের ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন সবুজ (২৮)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইমরান দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরে আসেন। তিনি অবিবাহিত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে ইমরান বাড়িতে কোরবানির গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজে অংশ নেন। কাজ শেষে তিনি নিজের ঘরে যান। কিছু সময় পর ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নতুন ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত পাওয়া যায়।
পরবর্তীতে স্বজনরা দ্রুত বিষয়টি মির্জাগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, “এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।





