সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুন

ঈদের দিন পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যাকাণ্ড, অভিযুক্ত পলাতক
টুইট প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে পারিবারিক বিরোধের জেরে স্বামীর হাতে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঈদুল আজহার দিন দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যার পর অভিযুক্ত স্বামী ওমর আলী রুবেল পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওমর আলী রুবেল পেশায় কাঠমিস্ত্রি। পাঁচ বছর আগে একই ইউনিয়নের গাছবাড়ী গ্রামের ধলু প্রামাণিকের মেয়ে মিম আক্তারকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি। ঈদের আগের দিন রুবেলের প্রথম স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর দ্বিতীয় স্ত্রী মিমকেও বাবার বাড়িতে যেতে চাপ দেন রুবেল।
তবে মিম যেতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আত্মগোপনে রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক টানাপোড়েন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঈদের দিন সেই বিরোধই ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়।





