চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অগ্নিকাণ্ড

তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন, উদ্ধার অভিযানে কোস্ট গার্ড-নৌবাহিনী।
টুইট প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘মেঘনা ট্রেডার্স’ নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে কোস্ট গার্ড, বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর সদস্যরা।
কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এলে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেয় কোস্ট গার্ডের ফায়ার ফাইটিং জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং কয়েকটি উচ্চগতির উদ্ধার নৌযান ঘটনাস্থলে কাজ করছে।
পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর একাধিক বিশেষায়িত ফায়ার ফাইটিং জাহাজও অভিযানে যুক্ত হয়।
জাহাজটিতে থাকা দাহ্য তেলের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বহির্নোঙরে অবস্থানরত অন্যান্য জাহাজকে সতর্ক করা হয়েছে এবং দুর্ঘটনা এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্তও শুরু হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বন্দরের কার্যক্রম ও আশপাশের নৌ চলাচলে সাময়িক উদ্বেগ দেখা দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করছে সংশ্লিষ্ট সব সংস্থা।






