ঈদে মানবিক সহায়তায় মিন্টুর উদ্যোগ

ফেনীতে ৮টি গরু বিতরণ, হেফজ মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে মাংস পৌঁছানোর ঘোষণা
টুইট প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীর এতিম ও অসহায় মানুষের সহায়তায় ৮টি গরু বিতরণ করেছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার বিকেলে সোনাগাজী আল-হেলাল একাডেমি সংলগ্ন সড়কে মন্ত্রীর পক্ষ থেকে গরুগুলো হস্তান্তর করেন স্থানীয় উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। পরে গরুগুলো বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন গরুগুলো জবাই করে বিভিন্ন হেফজ মাদ্রাসার এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হবে। স্থানীয় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেবেন।
স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বস্তি ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।






