রাশিদুলের আরোগ্য কামনায় জামায়াত

হাতিরঝিলে দুর্ঘটনার পর আইসিইউতে সাংবাদিক, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন?
টুইট ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক রাশিদুল হাসানের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নগরীর সড়ক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও অনিরাপদ স্পিড ব্রেকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সমবেদনা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে বলা হয়, রোববার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ‘দ্য ডেইলি স্টার’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসান। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জামায়াত নেতা জুবায়ের বলেন, দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকারটিতে দূর থেকে দৃশ্যমান কোনো সাদা প্রলেপ বা সতর্কতামূলক চিহ্ন ছিল না। ব্যস্ত নগর সড়কে এ ধরনের অনিরাপদ অবকাঠামো জননিরাপত্তার জন্য বড় হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি রাজধানীর প্রতিটি সড়কের স্পিড ব্রেকারে মানসম্মত চিহ্ন ও প্রতিফলক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নগরবাসীর নিরাপদ চলাচলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিবৃতির শেষাংশে অ্যাডভোকেট জুবায়ের আহত সাংবাদিক রাশিদুল হাসানের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।






