দুর্গম থানচিতে ডায়রিয়া আতঙ্ক, পাশে দাঁড়ালো ৩৮ বিজিবি

রেমাক্রী-তিন্দুতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও বিশুদ্ধ পানি সহায়তা
বান্দরবান প্রতিনিধি: দুর্গম পাহাড়ি জনপদে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ও তিন্দু ইউনিয়নে স্বাস্থ্য সংকট দেখা দিলে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করেছে ৩৮ বিজিবির বলিপাড়া জোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। দুর্গম অঞ্চল হওয়ায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওরস্যালাইন ও কলেরা স্যালাইনের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই পরিস্থিতিতে রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় বিশেষ চিকিৎসা শিবির পরিচালনা করে ৩৮ বিজিবি। ক্যাম্পে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
জানা গেছে, জোন কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন–এর তত্ত্বাবধানে এবং মেডিকেল অফিসার তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া–এর নেতৃত্বে বিজিবির চিকিৎসক দল মাঠপর্যায়ে কাজ পরিচালনা করে।
শুধু চিকিৎসাসেবাই নয়, ক্যাম্পে ডায়রিয়া প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও স্থানীয়দের সচেতন করা হয়। বিশেষ করে নিরাপদ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা বিজিবির এই উদ্যোগকে সময়োপযোগী এবং মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এলাকাবাসীর ভাষ্য, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সবসময়ই বড় চ্যালেঞ্জ, সেখানে দ্রুত উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে।
পাহাড়ি অঞ্চলে ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়লে তা বড় স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিতে পারে। তাই চিকিৎসাসেবার পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতা অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






