ঈদ ঘিরে পশুর হাটে কড়া নজরদারি, মাঠে র্যাব-১৫

বান্দরবানে হাটজুড়ে নিরাপত্তা বলয়, সাদা পোশাকেও বাড়ানো হয়েছে নজরদারি
বান্দরবান প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বান্দরবানের পশুর হাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় হয়েছে র্যাব-১৫। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
গত শনিবার (২৩ মে) দুপুরে বান্দরবান জেলা শহরের কালাঘাটা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে র্যাব-১৫-এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদকে ঘিরে পশুর হাট, গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং জনসমাগমস্থলগুলোকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। চুরি, ছিনতাই, প্রতারণা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ কর্মপরিকল্পনা।
র্যাব সূত্রে জানা গেছে, হাট এলাকায় নিয়মিত মোবাইল টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে স্থায়ী তল্লাশি চৌকি। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রেসপন্স টিম।
র্যাবের পক্ষ থেকে ব্যবসায়ী ও ক্রেতাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদের সময় পশুর হাটে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয় প্রতারক ও ছিনতাইকারী চক্রও। তাই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও একটি নিরাপদ ঈদযাত্রার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






