‘রুম ঝুম’ দিয়ে কোক স্টুডিও বাংলার নতুন যাত্রা

নজরুলসংগীতের আবহে শুরু চতুর্থ মৌসুম, যুক্ত হল তুর্কি লোকসুরের ঐতিহ্য।

টুইট ডেস্ক: বাংলা সংগীতের ঐতিহ্য ও বৈশ্বিক সাংস্কৃতিক সংযোগকে সামনে রেখে শুরু হলো কোক স্টুডিও বাংলা–এর চতুর্থ মৌসুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত ‘রুম ঝুম’ প্রকাশের মধ্য দিয়ে নতুন এই মৌসুমের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় গানটি মুক্তি পায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।

নতুন আয়োজনে ‘রুম ঝুম’ গানটিকে কেবল সংগীত পরিবেশনা হিসেবে নয়, বরং বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক পুনর্নির্মাণ হিসেবেও তুলে ধরা হয়েছে। মূলত অটোমান-তুর্কি লোকসুর ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে অনুপ্রাণিত হয়ে নজরুল এই গান রচনা করেছিলেন। দীর্ঘ সময় ধরে বাংলার শ্রোতাদের কাছে জনপ্রিয় থাকলেও এর আন্তর্জাতিক সংগীতভ্রমণের ইতিহাস অনেকের কাছেই অজানা ছিল। চতুর্থ মৌসুমে সেই ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করেছে কোক স্টুডিও বাংলা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল এবং মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমে কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিমের অভিষেক হয়েছে, পাশাপাশি নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু করেছেন নুসরাত জাহান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ মৌসুমে মোট আটটি গান প্রকাশ করা হবে। প্রতিটি গান ভিন্ন আবেগ, ধারা ও সংগীত ঐতিহ্যের মিশেলে নির্মিত হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলা সংগীতকে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়াই এবারের মৌসুমের অন্যতম লক্ষ্য।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’-এর অংশ হতে পারা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা। একই সঙ্গে তিনি মনে করেন, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে নুসরাত জাহান জানিয়েছেন, গানটি তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত ও অর্থবহ একটি কাজ। সংগীত প্রযোজক শুভেন্দুর সঙ্গে কাজ করাকে তিনি স্বপ্নপূরণের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

২০২২ সালে যাত্রা শুরু করার পর থেকেই কোক স্টুডিও বাংলা বাংলা সংগীতকে আন্তর্জাতিক ধারার সঙ্গে সংযুক্ত করার প্রয়াস চালিয়ে আসছে।

নতুন মৌসুমের সূচনাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ঐতিহ্য, লোকসুর ও আধুনিক উপস্থাপনাকে এক মঞ্চে নিয়ে এসেছে আয়োজনটি।