ফুটপাতের জায়গা নিয়ে দুই নারীর হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আরডিএ মার্কেটের প্রধান ফটকে দোকানের জায়গা নিয়ে দুই নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ফুটপাত দখল ও দোকান বসানোকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরডিএ মার্কেটের প্রধান ফটকের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘১ নম্বর গদি’ মুদি দোকান পুনর্নির্মাণের সময় সেখানে এক নারী অস্থায়ীভাবে পোশাকের দোকান বসান। পরে ভবনের নির্মাণকাজ শেষ হলে গদির মালিকপক্ষ তাকে স্থান ছেড়ে দিতে বললে তিনি দাবি করেন, স্থানীয় কয়েকজনকে তিন লাখ টাকা দিয়ে তিনি সেখানে দোকান বসিয়েছেন।

এ পরিস্থিতিতে ‘১ নম্বর গদি’র পক্ষ থেকে ওই নারীকে তিন লাখ টাকা ফেরত দিয়ে স্থান ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পরও তিনি দোকান সরাননি। এ নিয়ে শুক্রবার দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুই নারীর হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জিসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, পুরনো মার্কেট ভবন জরাজীর্ণ অবস্থায় থাকাকালে মানবিক কারণে কয়েকজনকে ফুটপাতে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছিল। পরে মার্কেট আধুনিকায়নের পর ফুটপাত দখলমুক্ত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে সময় মার্কেট কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের মানবিক সহায়তা হিসেবে প্রায় তিন লাখ টাকা করে দেওয়া হয় বলেও জানা গেছে।

তবে আর্থিক সহায়তা গ্রহণের পরও কেউ কেউ ফুটপাত ছাড়ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং ব্যবসায়ীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির স্থায়ী সমাধান চান।