সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও রামিসার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

জিরোপয়েন্টে সাংবাদিক-রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ, আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী প্রতিনিধি: সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ ও স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারা রাজশাহী প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তারা শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচিটি এক পর্যায়ে প্রতিবাদী সমাবেশে রূপ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবুসহ অন্যরা।