কমলাপুরে উপচে পড়া ভিড়, নির্বিঘ্ন যাত্রার আশা যাত্রীদের

উপচে পড়া ভিড়েও সময়সূচি ঠিক, তিন স্তরের নিরাপত্তায় নির্বিঘ্ন যাত্রার আশ্বাস
টুইট ডেস্ক: ঈদুল আজহা উদ্যাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ব্যাপক চাপ। দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনযোগে রওনা দিচ্ছেন হাজারো মানুষ।
কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম সকাল থেকেই যাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে অগ্রিম টিকিটধারীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারলেও স্ট্যান্ডিং টিকিটধারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট ব্যবস্থাপনায় তুলনামূলক স্বস্তি থাকলেও অতিরিক্ত ভিড় সামলাতে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।
এদিকে ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে রেল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, এবারের ঈদযাত্রায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ছাদে যাত্রী ওঠা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। পাশাপাশি টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণে স্টেশনে নজরদারি জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম কাজ করছে বলেও তিনি জানান।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও সমন্বয়ের কারণে আজ শনিবার ও আগামীকাল রোববার সরকারি দপ্তর খোলা রয়েছে।
ঈদ সামনে রেখে রাজধানী ছাড়ার এ ঢল আগামী কয়েক দিনে আরও বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






