পাটওয়ারীর ওপর হামলা

রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের।

টুইট ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ভিন্ন রাজনৈতিক মতের কারণে সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক বিষয়। তবে মতভেদের জেরে হামলা, সহিংসতা কিংবা অপদস্থ করার প্রবণতা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি। তিনি রাজনৈতিক অঙ্গনে উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান জানান।

জুবায়ের আরও বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সব রাজনৈতিক দল, নেতা-কর্মী এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জামায়াত।

উল্লেখ্য, ঝিনাইদহে সাম্প্রতিক এক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।