সৌদিতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, এ বছর সংখ্যা দাঁড়াল ২১

হজের আগে-পরে স্বাভাবিক মৃত্যুর ঘটনা, স্বাস্থ্যসেবায় জোরদার কার্যক্রম

টুইট ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এতে চলতি বছরে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। অপরদিকে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১) মদিনায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

এদিকে সরকারি হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে এসব হজযাত্রী জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসাকেন্দ্র ও আইটি হেল্পডেস্কের কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে।

চলতি বছরের হজের মূল আনুষ্ঠানিকতা আগামী ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে শুরু হবে বলে জানা গেছে।