সাত বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন ৭০ শতাংশের বেশি

মন্ত্রিসভায় অগ্রগতি পর্যালোচনা, নতুন তিন গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন
টুইট ডেস্ক: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম বাস্তবায়নে এ অগ্রগতি তুলে ধরা হয়েছে সাম্প্রতিক মন্ত্রিসভা প্রতিবেদনে।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে অষ্টম মন্ত্রিসভা বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা চুক্তি, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন।
মন্ত্রিসভা বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর বিষয়ক চুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে।
একই সঙ্গে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, পিউমা ও জাগুয়ারসহ বৃহৎ বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণের লক্ষ্যে গঠিত এই বৈশ্বিক জোটে বর্তমানে জাতিসংঘভুক্ত ২৪টি দেশ সদস্য রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন থাকায় এ জোটে অন্তর্ভুক্তি বন্যপ্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াবে।
এছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন পেয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এটি অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।






