বান্দরবানে ঈদের হাসি পৌঁছে দিল সেনাবাহিনী

বান্দরবানে ১১০ অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তায় সেনা রিজিয়ন

বান্দরবান প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বান্দরবানের দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১১০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে ব্রিগেড সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-৩ (ইন্টেলিজেন্স) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম। এ সময় রিজিয়ন কার্যালয়ের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সহায়তার আওতায় প্রতিটি পরিবারকে পোলাও চাল, সিদ্ধ চাল, আটা, সেমাই, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলুসহ প্রয়োজনীয় নিত্যপণ্য দেওয়া হয়। এছাড়া বিশেষ সহায়তা হিসেবে দুইটি অসহায় পরিবারের দুগ্ধ শিশুর জন্য অতিরিক্ত গুঁড়া দুধ, তিনটি পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং ত্রিপুরা সম্প্রদায়ের একজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে রয়েছে এবং মানবিক প্রয়োজনে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সমাজের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলেও মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উপহার পাওয়া স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।