কোরবানির প্রস্তুতিতে রাসিক: ৮২ হাজার পরিবার পাচ্ছে ব্যাগ ও ব্লিচিং পাউডার

দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ উদ্যোগ। পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত রাজশাহীতে।
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো নগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের মুসলিম পরিবারগুলোর মাঝে বিনামূল্যে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাসিক।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি নিজ হাতে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন এবং পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম তদারকি করেন।
এই উদ্যোগের আওতায় প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য অতিরিক্ত ২টি বড় ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার সরবরাহ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ মাটির সঙ্গে মিশে যায়, ফলে পলিথিন দূষণ কমবে। ভবিষ্যতে রাজশাহীকে সম্পূর্ণ পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নগরবাসীর সহযোগিতা পেলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, নির্ধারিত ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং ড্রেন বা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি জীবাণুনাশের জন্য ব্লিচিং পাউডার ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, দেশের মধ্যে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির সহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







