হাসপাতালের খাবারে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

খুলনা সদর হাসপাতালে তরকারি মুখে দিয়েই অসন্তোষ প্রকাশ
টুইট ডেস্ক: খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের খাবার ঘর পরিদর্শনের সময় রোগীদের জন্য প্রস্তুত করা সবজি মুখে দিয়ে তাৎক্ষণিকভাবে তা ফেলে দেন তিনি।
বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে খুলনা সদর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় রোগীদের কাছ থেকে র্যাবিস টিকা নিয়ে ভোগান্তি ও অর্থের বিনিময়ে টিকা সংগ্রহের অভিযোগ পান মন্ত্রী। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলাম–এর কাছে ব্যাখ্যা চান তিনি।
তত্ত্বাবধায়ক জানান, টিকার সরবরাহ না থাকায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, টিকা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
হাসপাতালের খাবারের মান নিয়ে মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” একইসঙ্গে হাসপাতালের দায়িত্বশীলদের রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের সেবা ও রোগী ব্যবস্থাপনা নিয়ে এমন আকস্মিক পরিদর্শন স্বাস্থ্যখাতের জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






