হজ্বে জামায়াত আমির

সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ, দেশে ফেরার সম্ভাবনা ১ জুন।

টুইট ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।

হজ যাত্রার আগে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এ সময় নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফেরার জন্য দোয়া কামনা করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

দলীয় সূত্র জানিয়েছে, সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালন করবেন। পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ায় অংশ নেবেন।

জানা গেছে, হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।